নরওয়েকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে বৃহৎ পরিসরে বিনিয়োগের জন্য নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি নরওয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পসহ উচ্চমূল্যের পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য নরওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতির মূল ভিত্তি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন।

এ সময় নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে জানান, নরওয়ে এখন প্রচলিত উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে।

সালাহউদ্দিন আহমদ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও নরফান্ডের মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা, গবেষণা, ডিজিটাল উদ্ভাবন ও বৃত্তিমূলক প্রশিক্ষণে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।