বিনোদন ডেস্ক:
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আবেগঘন ও ব্যতিক্রমধর্মী একটি রিভিউ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি সিনেমাটিকে মানবজীবনের সুখ-দুঃখ, আশা-নিরাশা এবং জন্ম-মৃত্যুর প্রতীক হিসেবে তুলে ধরেন।
হাসনাত লেখেন, সিনেমাটি দেখার পর বনলতা এক্সপ্রেসকে আর শুধু একটি ট্রেন মনে হয় না; বরং এটি হয়ে ওঠে মানুষের দুঃখ-বেদনা ও জীবনের গল্প বহনকারী এক জীবন্ত প্রতীক। তার ভাষায়, ট্রেনটির প্রতিটি বগি যেন একেকটি মানুষের জীবনসংগ্রাম ও অনুভূতির গল্পে ভরা।
সিনেমার বিভিন্ন চরিত্র ও সংলাপের উদাহরণ টেনে তিনি বলেন, ছোট ছোট গল্পের মাধ্যমে নির্মাতা মানুষের জীবনের গভীর বাস্তবতা তুলে ধরেছেন। গণিতের অধ্যাপক, অসহায় বাবা, ক্ষমতাবান মন্ত্রী কিংবা স্বপ্ন দেখা তরুণ-তরুণী— প্রত্যেক চরিত্রই জীবনের ভিন্ন ভিন্ন দিকের প্রতিনিধিত্ব করে। জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময়কে জীবনের প্রকৃত যাত্রা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, মানুষের জীবন বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নাম। কষ্ট, সংগ্রাম ও পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ এগিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ মূলত আমাদের সবার গল্প। এখানে রয়েছে হারানোর বেদনা, পাওয়ার আনন্দ, স্বপ্ন, সংগ্রাম এবং রূপান্তরের অনিবার্য সত্য। আর এ কারণেই এই ট্রেনকে থামানো যায় না— যেমন থামানো যায় না মানবজীবনের চলমান যাত্রাকেও।
প্রসঙ্গত, তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে। সম্প্রতি সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
