আন্তর্জাতিক ডেস্ক:
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার রাতে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তির অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছে।
পীযূষ গয়াল জানান, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের ভাষ্যমতে, চুক্তির প্রায় ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে কেবল কিছু কারিগরি ও ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক আইনি পরিবর্তনের প্রভাব চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে প্রতিফলিত হবে, তা নিয়ে দুই পক্ষ কাজ করছে। তবে দ্রুত সময়ের মধ্যেই প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে ইতোমধ্যে একটি মার্কিন প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। এর লক্ষ্য ছিল দীর্ঘদিনের বাণিজ্যিক বিরোধ নিরসন এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বকে আরও স্পষ্ট করে।
