দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্দায় ‘রকস্টার’

তিন দেশে ৪১ থিয়েটারে মুক্তি

বুধবার, জুন ৩, ২০২৬

বিনোদন ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করছে। মেগাস্টার শাকিব খান অভিনীত এ সিনেমাটি আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি থিয়েটারে প্রদর্শিত হবে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে ‘রকস্টার’ প্রদর্শিত হবে।

পরিবেশনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি চলবে। এছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, হলিউডের ব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রথম সপ্তাহেই এতগুলো থিয়েটার নিশ্চিত করা বাংলা চলচ্চিত্রের জন্য ইতিবাচক বার্তা। দর্শক সাড়া সন্তোষজনক হলে পরবর্তী সময়ে প্রদর্শনীর পরিধি আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় একজন রকস্টারের উত্থান, জনপ্রিয়তার শিখরে পৌঁছানো, ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে। শাকিব খানের পাশাপাশি এতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।