প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

এক কার্ডেই সব সুবিধা

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ড চালু হলে বর্তমানে ব্যবহৃত বিএমটি (BMET) কার্ডের আর প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এতগুলো কার্ডের প্রয়োজন নেই। আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যাতে একটি কার্ড দিয়েই সব ধরনের সুবিধা পাওয়া যায়।”

মন্ত্রণালয় সূত্র জানায়, শুধু রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীরাই নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের কার্ড প্রদান করা হবে।

মন্ত্রী জানান, নতুন কার্ডটি অনেকটা ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। এর মাধ্যমে ডিজিটাল পরিচয় নিশ্চিত করা হবে এবং বিভিন্ন সেবা গ্রহণ সহজ হবে। এছাড়া বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, ব্যাংকিং সেবা গ্রহণ ও অন্যান্য আর্থিক সুবিধার বিষয়েও বিশেষ সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবায় অগ্রাধিকার, সরকারি বিভিন্ন দপ্তরে দ্রুত সেবা এবং হাসপাতালে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও কাজ চলছে। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

সরকারের আশা, ‘প্রবাসী কার্ড’ চালু হলে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।