নিজ সংবাদ:
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে গুলিবিদ্ধসহ শতাধিক গ্রাহক ও শেয়ারহোল্ডার আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে মানববন্ধন শুরুর আগেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান নেন। কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিযান চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবি, বোর্ড সভা ছাড়াই এবং বিধিবহির্ভূতভাবে ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছিলেন। ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যানের পদত্যাগ এবং ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানোর পর বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়, যা তারা প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, বর্তমান নিয়োগ বাতিল করে আগের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং প্রকৃত মালিকদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ব্যাংকের তারল্য সংকটের কারণে গ্রাহকদের অর্থ উত্তোলনে ভোগান্তির অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে পুলিশের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সাধারণ গ্রাহকদের ব্যাংক প্রাঙ্গণে প্রবেশে সীমাবদ্ধতা ছিল।
