অডিও ফাঁসের পর কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি বিতর্কিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

রোববার (৩১ মে) তাকে কলমাকান্দা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, অডিও রেকর্ডটি প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

ভাইরাল হওয়া অডিওতে থানার সদস্যদের উদ্দেশে একজনকে বলতে শোনা যায়, ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা। আমরা কেউ কাউকে ঠকাব না, সবাই সমন্বয় করে চলব।’ এছাড়া অভিযোগ নিষ্পত্তি ও বিভিন্ন খরচের প্রসঙ্গ টেনে কিছু বক্তব্যও সেখানে শোনা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অডিওতে আরও দাবি করা হয়, পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং প্রত্যেকের ‘অধিকার’ নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে এসব বক্তব্যকে ঘিরে পুলিশের পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে ওসি মো. আবুল হাশেম অডিওতে থাকা কণ্ঠ তার নয় বলে দাবি করেছেন। তিনি জানান, কীভাবে তার নাম ব্যবহার করে এমন একটি রেকর্ড ছড়ানো হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, অডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।