বিসিবিতে আসছেন না প্রতিমন্ত্রীর ছেলে

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল রাজশাহী বিভাগের কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্তের। তবে শেষ মুহূর্তে বোর্ডে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সীমান্ত।

মীর সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর ছেলে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পারিবারিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানির সার্বিক দায়িত্ব বর্তমানে সীমান্তের ওপর রয়েছে।

জানা গেছে, একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কার্নেল ফ্যাক্টরি, আয়োডিন ফ্যাক্টরি, মিনি কোল্ড স্টোরেজ, কৃষি ও প্রাণী খামারসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সরাসরি তদারকি করছেন তিনি।

এ বিষয়ে সীমান্ত বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় পরিসরের দায়িত্বের জায়গা। অন্যদিকে পারিবারিক ব্যবসাগুলোর পূর্ণ দায়িত্বও বর্তমানে আমার ওপর রয়েছে। সবকিছু একসঙ্গে সমন্বয় করে বিসিবিতে প্রয়োজনীয় সময় দেওয়া কঠিন হয়ে পড়বে।”

তবে তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সীমান্ত আরও জানান, বোর্ডে না আসার সিদ্ধান্ত শিগগিরই বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল–কে লিখিতভাবে জানাবেন।