আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। ইউনিভার্সিটি অব মিশিগানের সর্বশেষ জরিপ অনুযায়ী, মে মাসে দেশটির ভোক্তা আস্থার সূচক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
শুক্রবার (২২ মে) প্রকাশিত জরিপে দেখা যায়, মে মাসে ভোক্তা আস্থার সূচক দাঁড়িয়েছে ৪৪ দশমিক ২ পয়েন্টে। এপ্রিল মাসে এ সূচক ছিল ৪৯ দশমিক ৮। টানা তৃতীয় মাসের মতো এ সূচক কমলো এবং আগের সব রেকর্ড ভেঙে নতুন নিম্নে পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা কমে যাওয়া উন্নয়নশীল দেশগুলোর জন্যও উদ্বেগের বিষয়। কারণ বিশ্ব আমদানির প্রায় ১৩ দশমিক ২ শতাংশই করে যুক্তরাষ্ট্র।
জরিপে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চাপে রয়েছেন। ইউনিভার্সিটি অব মিশিগানের সার্ভে অব কনজিউমার্সের পরিচালক জোয়ান হসু বলেন, ৫৭ শতাংশ ভোক্তা জানিয়েছেন, উচ্চ মূল্য তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করছে।
এদিকে ইরান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে তেলের দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি হয়েছে।
অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রে আমদানি কমে গেলে বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
