চামড়া শিল্পকে বাঁচাতে জাতীয় চামড়া বোর্ড গঠনের দাবি উদ্যোক্তাদের

বুধবার, জুন ২৪, ২০২৬

নিজ সংবাদ:

দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে টেকসই ও রফতানিমুখী করতে পৃথক ‘জাতীয় চামড়া বোর্ড’ গঠনের দাবি জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে সহজ ঋণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সনদ প্রাপ্তির বাধা দূর এবং রাসায়নিক আমদানির জটিলতা নিরসনের আহ্বান জানানো হয়েছে।

শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘অস্তিত্ব সংকটে চামড়াশিল্প: উত্তরণের উপায় অনুসন্ধান’ শীর্ষক সেমিনারে এসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

সভায় সংগঠনটির আহ্বায়ক সাদাত হোসেন বলেন, চা শিল্পের জন্য চা বোর্ড ও বস্ত্র খাতের জন্য আলাদা মন্ত্রণালয় থাকলেও চামড়া শিল্পের কার্যকর কোনো অভিভাবক প্রতিষ্ঠান নেই। ফলে সম্ভাবনাময় এ খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার।

সেমিনারে বক্তারা জানান, আন্তর্জাতিক বাজারে পরিবেশসম্মত উৎপাদনের শর্ত পূরণ করতে না পারায় দেশের ট্যানারিগুলো কাঙ্ক্ষিত সনদ অর্জনে ব্যর্থ হচ্ছে। এ সমস্যা সমাধানে ছোট আকারের ইটিপি স্থাপন ও দীর্ঘমেয়াদি ঋণ সুবিধার প্রস্তাব দেওয়া হয়। কোরবানির মৌসুমে কাঁচা চামড়া সংরক্ষণে ক্ষতি কমাতে সহজ শর্তে ঋণ, পর্যাপ্ত লবণ সরবরাহ ও হিমাগার নির্মাণের দাবিও জানানো হয়। আবদুল মুত্তালিব বলেন, বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার প্রায় ৫৬০ বিলিয়ন ডলারের। বাংলাদেশ এর মাত্র ১ শতাংশ বাজার ধরতে পারলেও বছরে ৫ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় সম্ভব।