হাসানুজ্জামান রাজীব \ ঈদুল আজহাকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর পশুহাট এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর। জৈষ্ঠ্যের তীব্র দাবদাহ, খরতপ্ত রোদ আর গরম বাতাস উপেক্ষা করেই গতকাল শুক্রবার (২২ মে) সরকারি ছুটির দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কোরবানির পশু কেনাবেচা। হাটজুড়ে ছোট, মাঝারি ও বড় আকারের গরু-ছাগল নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন এলাকার খামারিরা। তবে ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি মাঝারি আকারের গরুর প্রতি। খামারিরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে পশু আনা-নেওয়া, খাবার ও পরিচর্যার খরচ অনেক বেড়ে গেছে। তবুও ভালো দামের আশায় তারা হাটে পশু তুলছেন। অন্যদিকে ক্রেতারাও সাধ্যের মধ্যে ভালো পশু কিনতে এক হাট থেকে আরেক হাটে ঘুরে দেখছেন। অনেকের মতে, বাজারে পশুর সরবরাহ ভালো থাকলেও দাম কিছুটা বেশি। ইবি থানার গরু বিক্রেতা আবু হানিফ জানান, ঈদের সময় যত ঘনিয়ে আসবে, বেচাকেনাও তত বাড়বে। তীব্র গরম ও ধুলাবালির মধ্যেও থেমে নেই কোরবানির পশুর হাটের প্রাণচাঞ্চল্য। ঈদ সামনে রেখে মধুপুর পশুহাট এখন গ্রামীণ অর্থনীতির এক ব্যস্ত ও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে।
