ক্রীড়া ডেস্ক:
নেইমার চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরলেও নতুন করে ইনজুরিতে পড়ে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন এই তারকা ফুটবলার। তবে নতুন চোট তার বিশ্বকাপ প্রস্তুতিতে অনিশ্চয়তা তৈরি করেছে।
ব্রাজিলের স্থানীয় সময় বুধবার রাতে সান্তোষ এফসি-এর মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানান, নেইমারের মাংসপেশিতে সামান্য চোট ও ফোলা রয়েছে। যদিও তার পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গত রোববার কুরিতিবার বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। ম্যাচের ৬৪ মিনিটে মাংসপেশির সমস্যার কারণে তাকে মাঠ ছাড়তে হয়। ওই ম্যাচে সান্তোস ৩-০ গোলে হারে। পরবর্তীতে কনমেবল সুদামেরিকানার ম্যাচেও খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে সান লরেনৎসোর সঙ্গে ২-২ গোলে ড্র করে সান্তোস। ২০২৫ সালে ব্রাজিলের কোচ হওয়ার পর কার্লো আনচেলত্তি দীর্ঘ সময় নেইমারকে দলে ডাকেননি। কারণ, বারবার চোটে পড়া খেলোয়াড়দের নিয়ে তিনি সতর্ক ছিলেন। তবে শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পান নেইমার।
সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১২৮ ম্যাচে নেইমারের গোল ৭৯টি, যা তাকে ব্রাজিলের অন্যতম সফল গোলদাতায় পরিণত করেছে।
