নিজ সংবাদ \ ঢাকার মিরপুরে হযরত শাহ আলী মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে কুষ্টিয়ার ছেউরিয়ার কুমারখালী লালন একাডেমীর সামনে গতকাল বুধবার বেলা ১২ টার সময় লালন ভক্ত ও আশেকানরা এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। লালন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ, তরিকতপন্থী, ভক্ত, ফকির, বাউল শিল্পী ও সুফিবাদ অনুসারীরা অংশ নেন। প্রতিবাদ ও মানববন্ধনে নেতৃত্ব দেন সুফী সদর উদ্দিন চিশতী ভক্ত ও সংগঠক জুলফিকার আলী, সাধিকা শাহানাজ বেগম, সাধীকা কল্পনা আক্তার, জাহিদ ফকির, ফকির রিপন আলী, ফকির সাধক সুফি ডা: শামসুল আলম চিশতী, ফকির হৃদয় শাহ ফকির ও বাউল শিল্পী মমিন শাহ, মাজার ও সেবা সদন কমিটির সভাপতি মোঃ আলী আহসান তুফান, বাউল শিল্পী আলী শাহ, লালন শাহ মাজারের প্রধান খাদেম মোহাম্মদ আলী। মানববন্ধন শেষে সাধুদের মাঝে খাবার পরিবেশন করেন শাহিন আলী, বাদশা জিন্নাসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, গত ১৪ মে রাতে একদল উগ্রবাদী রাজধানীর মিরপুর-১ এলাকায় শাহ আলী মাজার প্রাঙ্গণে অবস্থানরত ফকির, পাগল- মাস্তান ও জিয়ারতকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
