সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

শরীফুল ইসলাম \ ‘জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্য নিয়ে  সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দৌলতপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণসহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এমপি বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হচ্ছে, ফলে সাধারণ মানুষের হয়রানি ও সময় অপচয় অনেকাংশে কমেছে। তিনি আরো বলেন, ভূমি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ভূমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং নিয়ম মেনে হালনাগাদ করা অত্যন্ত জরুরি। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে দুর্নীতি কমবে, স্বচ্ছতা বাড়বে এবং জনগণ সহজে সঠিক সেবা পাবে। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস সাধারণ মানুষকে দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারি নিয়ম ও নির্ধারিত ফি অনুযায়ী সরাসরি ভূমি অফিস থেকে সেবা গ্রহণ করতে হবে। এছাড়া ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি ও খতিয়ান সংশোধনসহ সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সভাপতি বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক পর্যায়ের মানুষ আধুনিক ভূমি ব্যবস্থাপনার সুফল সম্পর্কে জানতে পারবে। তিনি বলেন, স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ম, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। ৩দিনের ভূমিসেবা মেলা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।