সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

এক-এগারোর সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিনকে সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। শুনানিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, তিনি ও অন্যরা যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় ৭ হাজার ১২৪ কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় করেন। অভিযোগ অনুযায়ী, এভাবে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ গত ২৫ মার্চ আদালতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, জামিনে মুক্তি পেলে তিনি তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারেন। এর আগে গত ১১ মার্চ এ ঘটনায় মাসুদ উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মানব পাচার–সংক্রান্ত এক মামলায় ২৩ মার্চ রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং কয়েক দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে।