আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গজুড়ে চলমান উচ্ছেদ অভিযান ও তথাকথিত ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, রবীন্দ্রনাথ ও নেতাজির এই বাংলাকে ভয় দেখিয়ে কিংবা জোর খাটিয়ে শাসন করা যাবে না।
মমতা অভিযোগ করেন, বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানের কারণে গরিব মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হকার, দিনমজুর, ছোট দোকানদার ও নিম্নআয়ের পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই ও জীবিকা হারাচ্ছে। তিনি বলেন, “বাংলা কখনও বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না। মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে উন্নয়ন প্রতিষ্ঠা করা যায় না।” পার্ক সার্কাস, তিলজলা ও হাওড়া স্টেশন এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার পরপরই এই প্রতিক্রিয়া দেন সাবেক মুখ্যমন্ত্রী। তার দাবি, বর্তমান সরকার মানবিকতার চেয়ে প্রচার ও শক্তি প্রদর্শনেই বেশি মনোযোগী।
বিজেপি সরকারের সমালোচনা করে মমতা আরও বলেন, যে সরকার আগে উচ্ছেদ করে পরে মানুষের কথা শোনে, তারা বাংলার চেতনাকে বুঝতে ব্যর্থ হয়েছে। একটি রাষ্ট্র কত দ্রুত মানুষকে সরাতে পারে, তা নয়; বরং দুর্বল মানুষের সঙ্গে কেমন আচরণ করে, সেটিই প্রকৃত উন্নয়নের মাপকাঠি। তবে নবান্নের অধীনে স্থানীয় প্রশাসনের দাবি, এসব অভিযান অবৈধ দখল উচ্ছেদ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী-এর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে।
