আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সেনাপ্রধানের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। পাকিস্তানকে ‘ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে’— এমন মন্তব্যের জবাবে ইসলামাবাদ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া চরম দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য গোটা দক্ষিণ এশিয়াকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
এর আগে দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও সীমান্তে তৎপরতা চালিয়ে যায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলে টিকে থাকবে, নাকি ইতিহাসে হারিয়ে যাবে।
ভারতের সেনাপ্রধানের এই মন্তব্যকে ‘উগ্র জাতীয়তাবাদী’ আখ্যা দিয়ে পাকিস্তান বলেছে, দিল্লির এমন মনোভাব অতীতেও অঞ্চলটিকে অপ্রয়োজনীয় যুদ্ধ ও সংকটের মুখে ফেলেছে। আইএসপিআর আরও উল্লেখ করে, কোনো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার জবাবও হবে ব্যাপক ও সমমানের।
ইসলামাবাদ স্পষ্ট ভাষায় জানিয়েছে, সম্ভাব্য কোনো সংঘাত একতরফা হবে না; বরং তা দুই দেশের পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ ধ্বংস ও দীর্ঘমেয়াদি বিপর্যয় ডেকে আনতে পারে।
