আন্তর্জাতিক ডেস্ক:
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও উগান্ডায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া নতুন ইবোলা প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার (১৭ মে) সংস্থাটি জানায়, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোও বড় ঝুঁকিতে রয়েছে।
কঙ্গোর ইতুরি প্রদেশে এখন পর্যন্ত অন্তত ২৪৬ জন আক্রান্ত এবং প্রায় ৮০ জনের সন্দেহজনক মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে উগান্ডার রাজধানী কাম্পালা-য় কঙ্গোফেরত দুই ব্যক্তির শরীরে ইবোলা শনাক্ত হয়েছে, যাদের একজন মারা গেছেন। একইভাবে কঙ্গোর রাজধানী কিনশাসা-তেও একজন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা রিপোর্টকৃত তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়ুসাস আঞ্চলিক জরুরি সাড়া সমন্বয়ের জন্য দ্রুত বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।
কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল-রজার কাম্বা জানান, এবার ছড়িয়ে পড়েছে অত্যন্ত বিরল ও প্রাণঘাতী ‘বুন্দিবুগিও’ ধরন, যার কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। এটির মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন ইতুরির বুনিয়া হাসপাতালের এক নার্স, যিনি গত ২৪ এপ্রিল মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্তদের দ্রুত আইসোলেশনে নেওয়া এবং সংস্পর্শে আসাদের ২১ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার পরামর্শ দিয়েছে। তবে আতঙ্কে সীমান্ত বন্ধ না করার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, এতে অবৈধ পথে যাতায়াত বাড়বে এবং সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।
