দলের মধ্যে বিভেদ থাকায় কুষ্টিয়ার তিনটি আসনে পরাজয় হয়েছে : বাচ্চু মোল্লা

বুধবার, জুন ৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এ যৌথ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আক্তারুজ্জামান কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, আব্দুল মঈদ বাবুল, আবু তালেব ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের প্রধান নেতৃবৃন্দ। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কিছুদিন আগে তেল নিয়ে একটা চক্রান্ত হয়েছিলো। বাংলাদেশে প্রতি দিন যে তেল প্রয়োজন ছিলো তার থেকে ১ মেট্রিক টন তেল বেশি দিয়েছিলো। এর ব্যবস্থা আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান করেছিলো। তবে তেলের সংকটের জন্য জামায়াতে ইসলামীর কারসাজি ছিলো। তাই সামনের দিকে পথ চলতে হলে সতর্কতার সাথে পথ চলতে হবে। ত্রয়োদশ নির্বাচনে দলের মধ্যে বিভেদ থাকায় কুষ্টিয়ার তিনটি আসনে পরাজয় হয়েছে। তবে আমাদেরকে আওয়ামী লীগের ভোটাররা ভোট দেয়নি, তবে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আমাদের ভোট দিয়েছে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকলে স্থানীয় নির্বাচনে আমাদের বিজয় হবে। আগামী দিনে কমিটির বিষয়ে তিনি পরামর্শ দেন, দলের ত্যাগীদের আগে মূল্যায়ন করতে হবে। এছাড়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যের কোন বিকল্প নেই এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারে সকলকে কাজ করার আহব্বান জানান। কাজল মাজমাদার বলেন, দল আছে মূল্যায়ন আছে। কর্মীদের মূল্যায়ন করতে হবে। গত ২০২৪ সালে ৫আগষ্ট গনঅভ্যুত্থানের আগে যারা দলের জন্য কাজ করেছে তাদেরকে সামনের দিনে প্রাধান্য দিতে হবে। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আমরা আপনাদের সাথে আছি। ন্যায় সংগত কাজ হলে সহযোগিতা থাকবে। তবে দলীয় ব্যক্তিদের নিয়ে কাজ করতে চাই। আগামী স্থানীয় সরকার নির্বাচনও গুরুত্বপূর্ণ। নির্বাচনে মাঠ পর্যায়ে জরিপ করা হবে, যাদের জনসমর্থন বেশি থাকবে তাদের বিষয় দল থেকে বিবেচনা করা হবে। আমরা চাই দলের মধ্যে ঐক্য রেখে, সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর সমাজ গড়তে।