কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার প্রচারে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করে কুষ্টিয়া জেলা তথ্য অফিস। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারের নানা দিক তুলে ধরেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, তথ্য অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে, “করবো কাজ, গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মত্যাগ এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশাকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে পাঁচটি প্রধান অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়- কল্যাণমূলক রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা এবং পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি। ব্রিফিংয়ে বলা হয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের আওতায় গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, প্রশাসনে জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও ক্ষমতায়নের কথাও তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিল্প, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রযুক্তি খাত ও যুব উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড, ভর্তুকি বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়ও আলোচনায় আসে। বক্তারা জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, পরিবারভিত্তিক সহায়তা, খাদ্য সহায়তা, নারী উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় অধিক গুরুত্ব দেওয়া হবে। পরিবার কার্ড, খাদ্য গুদাম ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং নারী নিরাপত্তা নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নীতিগত পরিকল্পনা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন এবং আয়োজক কর্মকর্তারা সেসবের জবাব দেন। জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে এ ধরনের ব্রিফিং জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মত দেন উপস্থিত সাংবাদিকরা।