টানাপড়েন কাটিয়ে ভিসা কার্যক্রম স্বাভাবিকের পথে বাংলাদেশ-ভারত

নিজ সংবাদ:

প্রায় দেড় বছর ধরে চলা টানাপড়েনের পর বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে ভিসা কার্যক্রম পুরোদমে চালুর উদ্যোগ নিয়েছে। শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা প্রদান শুরু করেছে। অন্যদিকে ভারতও ধাপে ধাপে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফিরতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

গত মাসে দিল্লি সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি অগ্রাধিকার দিয়ে আলোচনা করেন। বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত ভিসা কেন্দ্রগুলো চালু রয়েছে। ফলে দ্রুত পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করতে ভারতের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ঢাকা। ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকলেও ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়।

কূটনৈতিক মহলের ধারণা, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে পারে। বিশ্লেষকদের মতে, ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।