গণভোটের রায় উপেক্ষায় সংকটের আশঙ্কা গোলাম পরওয়ারের

নিজ সংবাদ:

গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার দেশকে রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে, যা সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান।’ শনিবার (২ মে) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকোয়েট হলে আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ারের দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে জুলাই সনদ ও গণভোটের রায়কে আলাদা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সংসদে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় নিয়ে নীরবতা বজায় রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, গণভোটের আগে দীর্ঘ সময় থাকা সত্ত্বেও তখন কেন এসব বিষয়কে অসাংবিধানিক বলা হয়নি। অথচ এখন ক্ষমতায় এসে তা অবৈধ বলা হচ্ছে। বিএনপির উত্থাপিত কিছু আপত্তির কথাও উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলপ্রধানের পদ আলাদা রাখা, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব, আন্তর্জাতিক চুক্তির সংসদীয় অনুমোদন, বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রভাব কমানোর মতো প্রস্তাবগুলো উপেক্ষা করা হলে সংস্কার অর্থহীন হয়ে পড়বে।

সরকারের অবস্থানকে কর্তৃত্ববাদী আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন, এ ধারা অব্যাহত থাকলে দেশে অস্থিরতা ও সংঘাত সৃষ্টি হতে পারে। সংকট এড়াতে জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবে জনগণ। সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারাও বক্তব্য দেন।