সংরক্ষিত নারী এমপিদের শপথ আগামীকাল

নিজ সংবাদ:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল রোববার শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করানো হবে। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে। রাজনৈতিক দল ও জোটভিত্তিক আসন বণ্টনের মাধ্যমে এ সদস্যরা নির্বাচিত হন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে সর্বোচ্চ ৩৬ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ১ জন। এদিকে, শনিবার (২ মে) সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন এই নারী সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে সংসদে নারীর অংশগ্রহণ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের উপস্থিতি আইন প্রণয়ন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীর দৃষ্টিভঙ্গি ও প্রতিনিধিত্ব বাড়াবে।

বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের এই সদস্যরা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত সদস্যরা সংসদের কার্যক্রমে অংশ নিতে পারবেন।