সংসদের সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির প্রমাণ নেই: তদন্ত কমিটি

নিজ সংবাদ:

জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় কোনো আর্থিক দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক এবিএম আশরাফ উদ্দিন নিজান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে প্রতিবেদন জমা দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হুম্মাম কাদের চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ এবং মো. সাইফুল আলম। ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল এই তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সংবাদে কেনাকাটার হিসাব ও বাজারমূল্য নিয়ে গুরুতর অসংগতি ছিল। বিশেষ করে ক্যামেরা লেন্সের দাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। সংবাদে একটি ২৪-৭০ এমএম লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা বলা হলেও তদন্তে দেখা যায়, তিনটি লেন্সের মোট মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা।

তদন্ত কমিটির সঙ্গে আলোচনায় সংশ্লিষ্ট প্রতিবেদক এটিকে ‘টাইপিং ভুল’ হিসেবে স্বীকার করেন এবং তা সংশোধনের আশ্বাস দেন। এদিকে, সংশ্লিষ্ট পত্রিকাও আজকের সংখ্যায় অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে। কমিটি জানায়, সংসদ সচিবালয়ের কেনাকাটা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। তবে কিছু পদ্ধতিগত বিচ্যুতি থাকলেও তা দুর্নীতির পর্যায়ে পড়ে না। উপসংহারে কমিটি উল্লেখ করে, ‘হরিলুট’ শব্দের ব্যবহার উদ্দেশ্যমূলক ও অতিরঞ্জিত ছিল, যা প্রকৃত পরিস্থিতিকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে।