নিজ সংবাদ:
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী।
কারাগারে আটক থাকা দুই আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ পাঠ করেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। আদেশে বলা হয়, আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের যথেষ্ট ভিত্তি রয়েছে।
অভিযোগ গঠনের পর আদালত আসামিদের দোষ স্বীকারের বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মেনন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। একইভাবে কামরুল ইসলামও অভিযোগ গুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন। এ মামলার মাধ্যমে জুলাই অভ্যুত্থানকালীন ঘটনাবলির বিচার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।