রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

নিজ সংবাদ:

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল আগামীকাল সোমবার (৯ মার্চ ২০২৬) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এ সময়ে বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রমজানে জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ৯ মার্চ থেকে সরকার ঘোষিত ঈদের ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখবে।
বিবৃতিতে পরীক্ষা ও কোচিং সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও ইংলিশ মিডিয়াম স্কুলের আবশ্যিক পরীক্ষাগুলো পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বাংলা ও ইংলিশ মিডিয়ামের সকল কোচিং সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

এদিকে, সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে, যা ২৬ মার্চ পর্যন্ত চলবে। রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়। এবার ইংলিশ মিডিয়াম স্কুলও এই ছুটির আওতায় এসেছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত জনভোগান্তি কমাতে এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানাতে গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।