নিজ সংবাদ:
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় হোসেন আলীর বাড়িতে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল। সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেমসহ অন্যান্যরা।
প্রতিনিধি দল হোসেন আলী ও তার পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন করে একটি চায়ের দোকান শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক সহায়তা তার হাতে তুলে দেওয়া হয়।
মোকছেদুল মোমিন মিথুন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের সহায়তা চালিয়ে যাচ্ছে। আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তা প্রদান করা হয়েছে।”
চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন হোসেন আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন হোসেন আলী।