মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তেজনায় প্রবাসীদের নিরাপত্তায় জরুরি সেল, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

নিজ সংবাদ:

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ও সোমবার ধারাবাহিক বৈঠকে তিনি বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা, আটকে পড়া যাত্রীদের সহায়তা এবং নতুন কর্মী পাঠানোর জটিলতা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে নির্দেশ দেন।

রোববার সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ও প্রবাসীদের অবস্থা নিয়ে বিস্তারিত আপডেট নেন। হুমায়ুন কবীর জানান, ইরানসহ যুদ্ধক্ষতিগ্রস্ত দেশগুলোতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তায় “প্রয়োজনীয় সব নির্দেশনা” দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে আকাশপথ ও আকাশসীমা বন্ধ থাকায় আটকে পড়া যাত্রীদের খাবার, অস্থায়ী আবাসন ও ভিসা সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কাছে সহায়তার অনুরোধ জানানো হয়েছে এবং কয়েকটি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রবাসীদের নিরাপত্তা সরকারের “নাম্বার ওয়ান প্রায়োরিটি”। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ, মরদেহ ফেরত ও ‘সেফ প্যাসেজ’ নিশ্চিত করতে কাজ চলছে।