জামায়াত কর্মী হাফিজুর হত্যার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল

নিজ সংবাদ:

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা গেট থেকে মিছিলটি বের হয়ে চারতলা মোড় ঘুরে আলিফউদ্দিন রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর থেকে দেশে ধর্ষণ, চাঁদাবাজি, খুন ও সহিংসতা বেড়েছে। তারেক রহমান প্রবাস জীবন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী হলেও এভাবে রাষ্ট্র পরিচালনা করলে সরকার দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং সেক্রেটারি মুসলিম উদ্দিন।