পরিবারের নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ অগ্রাধিকার: মাসিক ২,৫০০ টাকা নগদ সহায়তা

নিজ সংবাদ:

সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি। রোববার (১ মার্চ) ঢাকার বনানী কড়াইল বস্তি ও সাততলা বস্তি পরিদর্শনকালে টিএনটি বালক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম সরেজমিনে দেখে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। কার্ডধারী নির্বাচিত পরিবারগুলোকে মাসিক ২,৫০০ টাকা নগদ সহায়তা দেওয়া হবে, যা সরাসরি পরিবারের ‘মা’ বা নারী প্রধানের মোবাইল ওয়ালেটে জিটুপি পদ্ধতিতে জমা হবে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কাঠামোয় এ কর্মসূচি বাস্তবায়নের গাইডলাইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, বিদ্যমান ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমন্বয়হীনতা, একই ব্যক্তির একাধিক সুবিধা গ্রহণ ও প্রকৃত দরিদ্রদের বাদ পড়ার ত্রুটি দূর করাই লক্ষ্য। সুবিধাভোগী নির্বাচনে ‘প্রক্সি মিনস টেস্ট’ স্কোরিং ব্যবহার করা হবে। ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তরের রূপকল্প রয়েছে। পাইলটিংয়ে ১৪টি বৈচিত্র্যময় এলাকায় কার্যক্রম চলছে।