নিজ সংবাদ:
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি প্রবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে তা জেনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ফ্লাইট বাতিলের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের বিষয়টিও তিনি সার্বক্ষণিক তদারকি করছেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করে যাত্রীদের সহায়তা দিচ্ছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রীও এ কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তা ও সুস্থ অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।