বিজয়ীরা পরাজিতদের ওপর হামলা চালাচ্ছে, গণতান্ত্রিক প্রত্যাশা ভঙ্গ হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

নিজ সংবাদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের অনেকেই পরাজিত প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া, নির্মমভাবে আঘাত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে জামায়াত চট্টগ্রাম শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাজনৈতিক সহনশীলতা ও পরমত সহিষ্ণুতার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অনেক ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে না। বিজয়ীরা পরাজিতদের প্রতি সহনশীল না হলে গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ অসম্ভব।

তিনি চুয়াডাঙ্গার দুটি আসনের উদাহরণ দিয়ে বলেন, সেখানে জামায়াত বিজয়ী হলেও পরাজিতদের ওপর কোনো হামলা হয়নি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছে। এছাড়া ইরান ও ফিলিস্তিনের ঘটনাবলির নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।