বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে আরেক যুবকের অবস্থান

টিকটকে প্রেম

বুধবার, নভে ১৮, ২০২৬

নিজ সংবাদ:

মাদারীপুরের কালকিনিতে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে, মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।

দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে ভালো লাগা এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে দুজনই সব বাধা পেরিয়ে একসঙ্গে জীবনযাপন ও বিয়ে করতে চান। সেই দাবিতেই নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন মাহিন।

স্থানীয়রা জানান, এর আগেও মাহিন ওই বাড়িতে দুইবার এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নেওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুজনই একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তার পাশের বাড়িতে ঘটেছে। খবর পেয়ে তিনি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি নবদ্বীপের পরিবারকেও অবহিত করেছেন।