যুক্তরাজ্যের স্কুলে মোবাইল রাখা নিষিদ্ধ হচ্ছে

বৃহস্পতিবার, নভে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে যাচ্ছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, স্কুল চলাকালে শুধু ফোন ব্যবহারই নয়, ব্যাগ কিংবা পকেটেও মোবাইল রাখা যাবে না। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকরের পরিকল্পনা রয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত জুনে জারি করা সরকারি নির্দেশনায় স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোকে সার্বক্ষণিক মোবাইলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন নিয়মে ফোন সাইলেন্ট করে ব্যাগে রাখার সুযোগও বন্ধ হচ্ছে।

শিক্ষাসচিব লুসি পাওয়েল বলেন, স্কুল পড়াশোনা ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থান নয়। সরকারের মতে, মোবাইল ফোনের অবাধ উপস্থিতি শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং সরাসরি মেলামেশা কমিয়ে দিচ্ছে।

নতুন নিয়ম বাস্তবায়নে পদ্ধতি বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে স্কুলগুলোর। কোনো প্রতিষ্ঠান বিশেষ পাউচে ফোন সিল করে রাখছে, কেউ ব্যবহার করছে ডিজিটাল লকযুক্ত লকার। আবার কিছু স্কুল দিনের শুরুতেই শিক্ষার্থীদের ফোন জমা নিচ্ছে।

ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, ফোন নাগালের বাইরে রাখতে তাঁদের প্রতিষ্ঠান মেটাল ডিটেক্টর ও বিশেষ পাউচ ব্যবস্থায় ২০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে। এতে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, শ্রেণিকক্ষে মনোযোগ ও পরীক্ষার ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে।

সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তবায়নের ব্যয় নিয়ে উদ্বেগ জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁদের মতে, নিরাপদ সংরক্ষণব্যবস্থা চালু করতে অনেক স্কুলের বাড়তি অর্থ প্রয়োজন হবে। তবে শিক্ষাসচিব জানিয়েছেন, কোন পদ্ধতিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, সে সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষই নেবে।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শিক্ষাব্যবস্থা পরিচালনার দায়িত্ব পৃথক হওয়ায় নিয়মেও পার্থক্য রয়েছে। স্কটল্যান্ডে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েলস জাতীয় নিষেধাজ্ঞার প্রস্তাব নাকচ করে স্কুলগুলোকে নিজস্ব নীতিমালার স্বাধীনতা দিয়েছে। আর উত্তর আয়ারল্যান্ডে এ বিষয়ে ১২ সপ্তাহের জনপরামর্শ চলছে।

এদিকে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্ভাব্য নিষেধাজ্ঞা স্কুলের এই নীতিমালা থেকে আলাদা। আগামী মার্চে কার্যকর হওয়ার কথা থাকা ওই বিধিনিষেধে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।