অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌর কর্তৃপক্ষের অভিযান

কুষ্টিয়ায় ড্রেনের জায়গা দখল

বৃহস্পতিবার, অক্টো ২৯, ২০২৬

 

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া-রাজবাড়ি অঞ্চলিক মহাসড়কের মোল্লাতেঘরিয়া এলাকায় কুষ্টিয়া পৌরসভার নিজস্ব জায়গায় অনুমোদনহীন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। ড্রেনের জায়গা দখল করে গড়ে তোলা এসব স্থাপনা পানি নিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার আশঙ্কা তৈরি করেছে। তাই গতকাল মঙ্গলবার পৌর এলাকার ড্রেনের জায়গা সংরক্ষণ এবং জনস্বার্থ রক্ষায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা বলেন, “পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে কিছু অসাধু ব্যক্তি। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।” অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার। এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মহাসড়কের পাশের এ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো অপসারণের মাধ্যমে ড্রেনের জায়গা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছিলো। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতার শঙ্কা বাড়ছিলো। পৌর কর্তৃপক্ষের এ অভিযানের মাধ্যমে ড্রেনের জায়গা দখলমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। অনেকেই মনে করেন, সময়মতো এ ধরনের অভিযান পরিচালিত না হলে নগরীর নিকাশী ব্যবস্থা আরও জটিল হয়ে পড়তো। সরকারি জায়গা রক্ষা এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এ উদ্যোগ ইতিবাচক বলেই মনে করছেন তাঁরা। তবে পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে কর্তৃপক্ষের এ উদ্যোগ কতটা স্থায়ী ও কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। নিয়মিত নজরদারি ও কঠোর অবস্থান বজায় রাখলেই কেবল এ অভিযানের সুফল জনগণ পেতে পারে।