নিজ সংবাদ:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোস্তফা রহমান টেঙ্গর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুপক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ভারত সীমান্তসংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টেঙ্গর ওই গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। গত ২৮ সেপ্টেম্বর রাতে ভারত থেকে চোরাই পথে আনা মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর গত দুই দিন ধরে তাদের মধ্যে উত্তেজনা, বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকেলে বিরোধ চরম আকার ধারণ করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পেটের অংশে সড়কির আঘাতে গুরুতর আহত হন টেঙ্গর। স্থানীয়রা তাকে উদ্ধার করে পদ্মা নদীপথে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
সংঘর্ষে সুমন, হাদু মন্ডল, রাশিদুল, ফটিক, বজলু, আজাদ মন্ডল ও রাজু মন্ডলসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
