লাইসেন্স ও অগ্নিনিরাপত্তায় অনিয়মে কুষ্টিয়ায় কাচ্চি ভাইকে জরিমানা

ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

বৃহস্পতিবার, অক্টো ১, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া শহরে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুনের নেতৃত্বে স্বপ্ন সুপার শপ ও কাচ্চি ভাই রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে প্রয়োজনীয় লাইসেন্সের অভাবে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোর লাইসেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। অভিযানে চৌড়হাস মোড়ের স্বপ্ন সুপার শপকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা দ্রুত ঠিক করার নির্দেশনা দেওয়া হয়। কাচ্চি ভাই রেস্টুরেন্টে ট্রেড লাইসেন্স না থাকায় অন্যান্য লাইসেন্সও সম্পন্ন করা যাচ্ছে না বলে জানানো হয়।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন বলেন, “ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সংক্রান্ত লাইসেন্স আছে কিনা যাচাই করতে এসেছিলাম। কাচ্চি ভাইয়ের ট্রেড লাইসেন্স নেই। যার কারণে তাঁরা অন্যান্য লাইসেন্সও করতে পারছেন না। আমরা ট্রেড লাইসেন্সের বিষয়ে সমস্যার সমাধান করে দিয়েছি। একই সঙ্গে সতর্ক করে দিয়েছি—ট্রেড লাইসেন্স পাওয়ামাত্রই যেন অন্যান্য লাইসেন্সগুলো সম্পন্ন করেন। অন্যথায় পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ার কথা জানিয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, “আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অর্থই হচ্ছে তাঁদের কাছে কোনো লাইসেন্স নেই। আমরা লাইসেন্সের আবেদন করার নির্দেশনা দিয়েছি। আবেদন করলে বুঝতে পারব তাঁরা আসলে কোন ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছেন। অন্যান্য লাইসেন্সের জটিলতার কারণে এখনো অগ্নিনির্বাপণ সংক্রান্ত লাইসেন্সের আবেদন করেননি।” পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক নাসরিন সুলতানা জানান, “কাচ্চি ভাই রেস্টুরেন্টকে আমরা লাইসেন্স দিইনি। কারণ সেখানে আবাসিক ভবন রয়েছে।” অন্যদিকে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, “সতর্কতামূলকভাবে আমাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরুরি ভিত্তিতে ট্রেড লাইসেন্সের আবেদন করতে বলেছে এবং বাকি কাগজপত্র দিতে বলেছেন। তাঁরা এ বিষয়ে তদারকি করবেন বলে জানিয়েছেন।” তিনি আরও জানান, বাণিজ্যিক ভবন হিসেবে জায়গাটি ভাড়া নিলেও পৌরসভার ট্রেড লাইসেন্স পাচ্ছেন না তাঁরা। সেটি পেলে অন্য কাগজপত্র দ্রুত সম্পন্ন করা হবে। শহরের রেস্টুরেন্টগুলোর বিভিন্ন অনিয়ম নিয়ে গত ২৩ আগস্ট প্রতিবেদন প্রকাশ করেছিল আন্দোলনের বাজার ডিজিটাল। এবার সংশ্লিষ্ট দপ্তরগুলো অভিযান চালিয়ে সংশোধনের নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা স্পষ্ট করেছেন, নির্দেশনা না মানলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।