ক্রীড়া ডেস্ক:
ক্রুজ আজুলকে হারিয়ে ক্যাম্পিওনস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। তবে শিরোপা জয়ের আনন্দের ম্যাচেও রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে দলটির অধিনায়ক লিওনেল মেসিকে।
ম্যাচের একপর্যায়ে মেসি সাইডলাইনের কাছে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেসির ঠোঁট মেলানোর দৃশ্য বিশ্লেষণ করে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ক্রুজ আজুলের খেলোয়াড়দের শারীরিক চ্যালেঞ্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন তারকা।
পরপর দুটি প্লেতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাকে থামাতে শারীরিকভাবে বাধা দেওয়ার পর মেসিকে বলতে শোনা গেছে বলে দাবি করা হয়, ‘এটি লজ্জাজনক। তারা খুবই বাজে, একদম বাজে।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে মেসির সঙ্গে এমন উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা অবশ্য নতুন নয়। তার রেফারিদের ওপর প্রভাব রয়েছে—এমন বিশ্বাসও কিছু সমর্থকের মধ্যে দেখা যায়। তবে এই ম্যাচে কর্মকর্তাদের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।
এর কয়েক মিনিট আগেই ইন্টার মায়ামিকে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ গোল করেন মেসি। ক্লাবটির হয়ে এটি ছিল তার ১০০তম গোল। একই সঙ্গে ক্রুজ আজুলের বিপক্ষেও এটি ছিল মেসির প্রথম গোল।
শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে আরেকটি শিরোপা নিজেদের করে নেয় ইন্টার মায়ামি। আর মেসির জন্য ম্যাচটি হয়ে থাকে গোলের মাইলফলক ও শিরোপা জয়ের একসঙ্গে উদ্যাপনের উপলক্ষ।
