মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি অস্বীকার হুথিদের

বৃহস্পতিবার, অক্টো ১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথিরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে—সৌদি আরবের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরব একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার পর মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ সামনে আসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদি আরবের দাবি অস্বীকার করে বলেছেন, হুথিদের কোনো ড্রোন মক্কাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পবিত্র মক্কাকে লক্ষ্য করার অভিযোগ একটি ‘জঘন্য মিথ্যা’। তার দাবি, এর আগেও একই ধরনের অভিযোগ করা হয়েছে, তবে এখন আর এ ধরনের বক্তব্য দিয়ে কাউকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

এর আগে সৌদি জোটের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করে। সৌদি কর্তৃপক্ষ ঘটনাটিকে শত্রুভাবাপন্ন ও সন্ত্রাসী প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, এটি মক্কাকে লক্ষ্য করে হামলার দ্বিতীয় প্রচেষ্টা। সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পবিত্র নগরীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছিল।

তবে সর্বশেষ ঘটনার ক্ষেত্রে ড্রোনটি সত্যিই মক্কাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে হুথিদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ফলে সৌদি আরবের দাবি ও হুথিদের অস্বীকারের মধ্যেই ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য সামনে এসেছে।