ঢালিউডে আসার আগেই শাকিবকে আশীর্বাদ দিয়েছিলেন নূতন

মঙ্গলবার, সেপ্টে ১৫, ২০২৬

বিনোদন ডেস্ক:

ঢালিউডে পা রাখার আগেই শাকিব খানের প্রতিভা ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী নূতন। এক টেলিভিশন অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সিনেমায় নাম লেখানোর আগে নৃত্য পরিচালক আজিজ রেজা শাকিবকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

নূতন বলেন, তিনি যখন ‘আলিফ লায়লা’ সিনেমার কাজ করছিলেন, তখন একটি স্টুডিওতে আজিজ রেজা শাকিবকে নিয়ে ঘুরছিলেন। সেসময় তাকে দেখে আজিজ রেজা বলেন, শাকিবকে নায়ক বানানোর পরিকল্পনা করছেন। তখন শাকিবকে বেশ পাতলা গড়নের হলেও ফর্সা এবং বড় বড় চোখের তরুণ হিসেবে মনে হয়েছিল নূতনের। হলুদ গেঞ্জি ও মেরুন প্যান্ট পরা শাকিবকে দেখে তিনি ইতিবাচক মন্তব্য করেন।

পরে আজিজ রেজা নূতনের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য শাকিবকে তার কাছে রেখে যান। সেই সময় শাকিবের সঙ্গে কথা বলার প্রসঙ্গ তুলে নূতন বলেন, তিনি তাকে জানিয়েছিলেন, একদিন সে অনেক বড় জায়গায় যাবে এবং তাকে কেউ নামাতে পারবে না।

নূতনের ভাষ্য অনুযায়ী, তার কথা শুনে শাকিব অবাক হয়ে জানতে চেয়েছিলেন, সত্যিই কি তিনি এত বড় হতে পারবেন। তখন নূতন তাকে নিজের কথাটি মনে রাখতে বলেছিলেন।

পরবর্তী সময়ে শাকিব খান ও নূতন একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে রয়েছে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ (২০১০), ‘জান কোরবান’ (২০১১), ‘হিরো: দ্য সুপারস্টার’ এবং ‘অহংকার’ (২০১৭)।