মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধের আহ্বান চীনের

কক্ষপথে অস্ত্র মোতায়েন

বৃহস্পতিবার, অক্টো ১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

কক্ষপথে প্রথমবারের মতো অস্ত্র মোতায়েনের কথা যুক্তরাষ্ট্র নিশ্চিত করার পর মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়ানো এবং মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নেওয়া বন্ধ করা উচিত। তিনি বলেন, বেইজিং মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিরোধিতা করে।

গুয়ো জিয়াকুন সতর্ক করে বলেন, মহাকাশে সামরিক সক্ষমতা বাড়ানোর এ ধরনের পদক্ষেপ অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। এতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার ও আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী জানিয়েছে, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা থেকে মার্কিন ও মিত্র বাহিনীকে সুরক্ষিত রাখতে কক্ষপথে অস্ত্র মোতায়েন করা হয়েছে। তবে কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছে, কতগুলো অস্ত্র রয়েছে কিংবা সেগুলো ঠিক কোথায় অবস্থান করছে—এসব বিষয়ে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে কেন্দ্র করে মহাকাশে সামরিক প্রতিযোগিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চীনের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে সতর্কবার্তা আসায় দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রতিযোগিতা মহাকাশ পর্যন্ত বিস্তৃত হওয়ার আশঙ্কাও সামনে এসেছে।

বেইজিংয়ের বক্তব্য অনুযায়ী, মহাকাশকে যুদ্ধের ক্ষেত্র হিসেবে ব্যবহারের পরিবর্তে এর শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন।