আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) রিটটি খারিজ করা হয়।

হাইকোর্টের আওয়ামীপন্থি আইনজীবীরা বলেন, রিটকারী মুন্সিগঞ্জের আল আমিন আওয়ামী লীগের কেউ নন। একই সঙ্গে তিনি এ বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তিও নন। এ ছাড়া রিটটি সঠিক নিয়ম মেনে করা হয়নি এবং যথাযথভাবে উপস্থাপনও করা হয়নি। এসব কারণেই হাইকোর্ট রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন।

এর আগে আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন।

রিটে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়।

একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ১২ মে জারি করা প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে রোববার শুনানি শেষে হাইকোর্ট রিটটি গ্রহণ করেননি।

ফলে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা এই আবেদনটি আদালতে আর এগোয়নি।