আজাদ সানি \ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। শনিবার বিকেলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ১৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কারও হাসপাতালে নেওয়ার খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-জ-০৪-০০২১ নম্বরের ‘দুরন্ত পরিবহন’ বাসটি আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। নওদাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা দেয়। পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনিরুজ্জামান জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের খুঁটি বা বিদ্যুৎ লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ করতে পারে বলে জানিয়েছেন পুলিশ ক্যাম্পের ইনচার্জ। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
