ড্রোন হামলার পর সৌদির তেল পাইপলাইন বন্ধ

কৌশলগত দ্বীপ হুথিদের দখলে

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ড্রোন হামলার একদিন পর নিজেদের একটি প্রধান তেল পাইপলাইন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সময়ে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারে কৌশলগত একটি দ্বীপ দখল করেছে। দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাবে এল-মান্দেব প্রণালীর কাছে কয়েক বছরের মধ্যে এটিই হুথিদের বড় আঞ্চলিক অর্জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অগ্রযাত্রা বৈশ্বিক তেল ও গ্যাসের দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির ইরানি কৌশলকে আরও জোরালো করতে পারে।

এর আগে হামলার পর সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ রাখার ঘোষণা দেয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরাকি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে আপাতত কোনো পাল্টা জবাব দেবে না সৌদি আরব।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলী আল-জাইদি মায়সান প্রদেশের অপারেশন কমান্ডের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। সরকারি মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, সৌদিকে লক্ষ্য করে হামলাগুলো মায়সান প্রদেশের একটি স্থান থেকে পরিচালিত হয়েছিল বলে নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।