নিজ সংবাদ:
হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে।’ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরিদর্শনের সময় সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার অভিযোগের সত্যতা পান স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার কাগজপত্র ও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে অভিযোগ শুনে তিনি হাসপাতালে এসেছেন, সেটি শতভাগ সত্যি। ডেঙ্গু শনাক্তে সরকারি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরের ডায়াগনস্টিক সেন্টারের লোকজন এসে রোগীদের রক্ত সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সুবিধা থাকার পরও বাইরে থেকে লোক এসে রক্ত নিয়ে যাচ্ছে—এ বিষয়টি সংশ্লিষ্টরা কীভাবে দেখছেন। সরকারের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও বাইরের লোক এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেলে এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
পরিদর্শনের সময় রোগী ও স্বজনরাও স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। বিশেষ করে লিফট নিয়মিত চালু না থাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী ও স্বজনদের একাধিক তলায় ছোটাছুটি করতে হওয়ার অভিযোগ করেন তারা।
এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানো হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক অভিযান জোরদার করা হবে।
স্বাস্থ্য খাতের অনিয়মের বিরুদ্ধে সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
