ক্রীড়া ডেস্ক:
২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মরক্কোর ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকজা দাবি করেছেন, বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে মরক্কো। তবে তার এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। আফ্রিকার মাটিতে এটি হবে বিশ্বকাপের দ্বিতীয় আসর। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ।
বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় লেকজা দাবি করেন, মরক্কোর বেনস্লিমান শহরের কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের ফাইনাল। তিনি আশা প্রকাশ করেন, মরক্কোও একদিন সেই মাঠে ফাইনালে খেলবে।
ক্যাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি হয়ে উঠতে পারে।
তবে লেকজার বক্তব্যের পর ফিফা তাদের অবস্থান স্পষ্ট করেছে। একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ‘উপযুক্ত সময়ে’ নির্ধারণ করা হবে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো দেশ বা স্টেডিয়ামকে ফাইনাল আয়োজনের জন্য চূড়ান্ত করা হয়নি।
এ নিয়ে এর আগেও মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়ার খবর সামনে এসেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পুনর্নির্বাচনের দৌড়ে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল আয়োজনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সেই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছিল ফিফা।
ফলে মরক্কোর ফুটবল ফেডারেশন প্রধানের সাম্প্রতিক দাবি সত্ত্বেও ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
