বিদেশে আওয়ামী লীগের মব হামলা সরকার সমর্থন করে না: শামা ওবায়েদ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের মব করে হামলা ও নির্যাতনের কর্মকাণ্ড কোনোভাবেই সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাসী এবং বাংলাদেশ ও নতুন বাংলাদেশের পক্ষে থাকা ব্যক্তিদের ওপর বিদেশের মাটিতে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতার প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেউ কেউ গণতন্ত্রে বিশ্বাসী ও নতুন বাংলাদেশের পক্ষে থাকা ব্যক্তিদের ওপর দলবদ্ধভাবে হামলা ও নির্যাতন করছেন। দেশের সরকার বা নাগরিকরা বিদেশের মাটিতে এমন কর্মকাণ্ড সমর্থন করেন না।

সম্প্রতি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রবাসী কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ওই ঘটনার প্রসঙ্গেই শামা ওবায়েদ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে কিংবা বিদেশে কোথাও মব রাজনীতি ও মব সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। নতুন বাংলাদেশে রাজনীতিকে স্বচ্ছ, সুস্থ ও মানবিক ধারায় নিয়ে যেতে হবে।

বিএনপির নেতাকর্মীদের ওপর গত ১৭ বছরে নির্যাতনের কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, ছাত্রদল, যুবদলসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অনেকে গ্রেফতার ও মামলার হয়রানির শিকার হয়েছেন। গণতন্ত্রের আন্দোলনে অনেকে খুন ও গুমের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিন নির্যাতিত নেতাকর্মীদের দেশ গঠন ও উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের আত্মত্যাগ ভুলে গেলে রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের বিবেকের কাছে দায়ী থাকতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি উৎপাদন, উন্নয়ন, জনসেবা, ধৈর্য ও সহনশীলতার রাজনীতির ওপর গুরুত্ব দেন।

রাজনীতিতে অশ্লীলতার বিস্তার নিয়েও উদ্বেগ জানান তিনি। সরকারের সমালোচনা নাগরিকের অধিকার উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সমালোচনার নামে অশ্লীলতা, গালাগালি ও অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। ভদ্র ও গঠনমূলক ভাষায় সরকারের সমালোচনা করা সম্ভব।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, কৃষকদের কৃষিঋণ মওকুফ, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য শিগগিরই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ বিভিন্ন খাত পুনর্গঠনে সরকার কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায়ও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।