দুদকের অনুসন্ধান নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বিএনপি আমলের বদলি ও পদোন্নতির ঘটনায় তাকে সংশ্লিষ্ট করে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, চলতি বছরের ১১ মে ১৩৫ জনকে পদোন্নতি দেওয়া হয়। ওই সিদ্ধান্তের সঙ্গে তাকে যুক্ত করে দুদক অনুসন্ধান শুরু করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নিজের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক দুর্নীতির অভিযোগ খণ্ডন করতে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযোগগুলোর প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা এবং দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতা তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তুলে ধরেন আসিফ মাহমুদ।

তিনি অভিযোগ করেন, দুদকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলার কারণে তার মানহানি হয়েছে এবং তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। অতীতেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, দুদক স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান করলে তার কোনো আপত্তি নেই। বরং তিনি তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবেন। তবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের স্বার্থে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণেই তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি ও অপপ্রচারের শিকার করা হচ্ছে।

দুদক রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে দাবি করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ।