নিজ সংবাদ:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে নোংরা ভাষা ব্যবহার করা তার ঠিক হয়নি। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে নিজেকে সংশোধনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ও কন্যা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিএনপি সরকারের মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তীর্যক ও অশ্রাব্য ভাষায় বক্তব্য দিয়েছিলেন। এর প্রেক্ষাপটে কয়েক মাস আগে তিনি অসাবধানতাবশত একটি উদাহরণ দিয়ে পাটওয়ারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে জানান।
রাশেদ খাঁন বলেন, পাটওয়ারী তাকে নিয়েও অশ্রাব্য ভাষায় কথা বলায় বিষয়টি ব্যক্তিগত ক্ষোভ ও তিক্ততায় রূপ নেয়। একপর্যায়ে দুজনের মধ্যে এ বিষয়ে আর কথা না বলার জন্য পাটওয়ারী তাকে ফোন করেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে কয়েক ঘণ্টা পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় বলে অভিযোগ করেন রাশেদ।
তিনি আরও বলেন, পাটওয়ারী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগ্যতা নিয়েও মন্তব্য করেছেন। এসবের পরও নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন। তার প্রতিক্রিয়া ‘টিট ফর ট্যাট’-এর মতো হলেও ২০২৪-পরবর্তী রাজনীতিতে দেশ গঠন, মানবিক মর্যাদা ও বৃহত্তর কল্যাণকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
রাশেদ খাঁন বলেন, নিজের ভাষাগত ভুল তিনি প্রত্যাহার করছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন। গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘৃণা ছড়িয়ে কেউ লাভবান হবে না; এতে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে থাকা গোষ্ঠীই লাভবান হবে।
