বিনোদন ডেস্ক:
বিনোদন জগতে সৃজনশীল অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন অভিনেতা শামীম জামান। ‘স্বামীর সুখ মনে মনে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা পেলেন তিনি।
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য গুণীজনদের সম্মাননা দেওয়ার পাশাপাশি মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের জন্য শামীম জামানকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পেয়ে শামীম জামান বলেন, সেরা অভিনেতার পুরস্কার তাকে সবসময় আনন্দের পাশাপাশি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে। একজন অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তবে এ ধরনের স্বীকৃতি তাকে আরও চ্যালেঞ্জিং ও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় এবং দায়িত্বও বাড়িয়ে দেয়।
তিনি বলেন, ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’-এ সেরা অভিনেতার পুরস্কার দ্বিতীয়বারের মতো পেয়ে তিনি সত্যিই আনন্দিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী। উদ্বোধক ছিলেন লায়লা আনোয়ারা বেগম নিপা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুর রহমান।
দীর্ঘদিন ধরে গল্পনির্ভর ও সৃজনশীল কাজে নিয়মিত অভিনয় করছেন শামীম জামান। তার অভিনীত ‘স্বামীর সুখ মনে মনে’ নাটকটি দর্শকমহলেও প্রশংসিত হয়েছে।
